দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু দু’দিনের অনুসন্ধান পর রবিবার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু ছিলেন। প্রথমে পাইলটকে উদ্ধার করা হলেও অপর ক্রুর সন্ধান পাওয়া যাচ্ছিল না।
যুক্তরাষ্ট্র দুইদিন ধরে তল্লাশি অভিযান চালায়। উদ্ধার অভিযানে অংশ নেয় দু’টি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান। ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নিখোঁজ ক্রু’কে উদ্ধারে দক্ষিণ ইরানের পাহাড়ি এলাকায় ‘কয়েক ডজন বিমান’ ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা তাকে পেয়েছি! মার্কিন সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।’
উদ্ধার হওয়া ক্রুকে ‘সম্মানিত কর্নেল’ আখ্যা দেন ট্রাম্প। তিনি আহত হয়েছেন, তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে জানান প্রেসিডেন্ট। উদ্ধার অভিযানের সময় মার্কিন কোনো সেনা হতাহত হননি।
এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের আকাশসীমা রক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন। যদিও মার্কিন সেনারা আহত হননি, উদ্ধার অভিযান চলাকালে তারা গোলাগুলির মুখে পড়েন।
নিখোঁজ ক্রু ধরা পড়লে তা ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারত, কারণ এটি ১৯৭৯ সালের ইরান জিম্মি সংকটের স্মৃতি পুনর্জাগ্রত করতে পারত। তৎকালীন সময় ৪৪৪ দিন আটকে রাখা মার্কিন কূটনীতিকদের মুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল।
এমএস/